মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন— মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৩৯টি সিমকার্ড ও ২টি সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টায় জেনেভা ক্যাম্পে আরেকটি অভিযান চালানো হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৭৮০ পুরিয়া গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক মাপার মেশিন ও ৫টি সিসিটিভি ক্যামেরাও জব্দ করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *