নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন সড়কে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে শহরের বাসস্ট্যান্ড ও স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানিদের মালামাল সরিয়ে ফেলতে বলা হয় এবং ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়। আকস্মিক এই উচ্ছেদ অভিযানে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, ফুটপাত দখল হয়ে গেলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয় এবং অনেক সময় সড়কে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। ফুটপাত দখলমুক্ত থাকলে স্কুলগামী শিক্ষার্থীরাও নিরাপদে চলাচল করতে পারে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, “শহরের সড়কগুলো এমনিতেই সরু। এর ওপর ফুটপাত দখল করে বসালে পথচারীরা চলাচলে মারাত্মক সমস্যায় পড়েন। এজন্যই আজকের অভিযান। এরপরও কেউ ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *