পর্যটন সার্ভিসে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫: নদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য নতুনভাবে তুলে ধরতে পুনরায় পর্যটন সার্ভিসে যাত্রা শুরু করল ঐতিহাসিক প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। আজ শনিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে স্টিমারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, সরকারের শীর্ষ পর্যায়ের সচিব ও কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন,
“পি এস মাহসুদ হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন।”
তিনি জানান, আগামী ২১ নভেম্বর শুক্রবার থেকে ঢাকা–বরিশাল রুটে প্যাডেল স্টিমারটি নিয়মিত চলাচল শুরু করবে।

নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন,
“পি এস মাহসুদ কেবল নৌযান নয়, এটি আমাদের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। নতুন প্রজন্মকে নদীপথের ইতিহাস জানাতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, পি এস মাহসুদের পাশাপাশি পি.এস অস্ট্রিচ, পি.এস লেপচাপি.এস টার্ন—এই ঐতিহাসিক স্টিমারগুলোকেও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে নদীপথের ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটনের সম্ভাবনা আরও সমৃদ্ধ হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি বলেন, স্টিমারটি চালু হলে দেশ–বিদেশের বহু পর্যটক আকৃষ্ট হবে। বিদেশি পর্যটকদের জন্য এতে রাখা হবে ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়, শতবর্ষী এই প্যাডেল স্টিমারের সংস্কারে মূল কাঠামো ও ঐতিহাসিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা হয়েছে। নবায়ন করা হয়েছে ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার সেফটি, নেভিগেশন সিস্টেম এবং যাত্রীবান্ধব কেবিন ও ডেক।

স্টিমারটির সাপ্তাহিক চলাচলের সময়সূচি—

  • শুক্রবার সকাল ৮টা: ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে যাত্রা
  • শনিবার: বরিশাল থেকে ঢাকার পথে ফিরতি যাত্রা

আগে স্টিমার রাতেই চলাচল করত, তবে এবার দিনে চালু হওয়ায় নদী ও তীরের মনোরম দৃশ্য উপভোগে যাত্রীরা পাবেন বিশেষ সুযোগ।
নদীপথে দূষণ কমাতে এতে ব্যবহার করা হয়েছে কম ধোঁয়া–নির্গমন প্রযুক্তি ও আধুনিক নিরাপত্তা সরঞ্জাম।

ঐতিহ্য, নকশা, ইতিহাস ও পর্যটনের সম্মিলনে পি এস মাহসুদ হয়ে উঠতে পারে দেশের নদীভ্রমণের এক নতুন আকর্ষণ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *