“জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা আসছে — জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ”

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১২ নভেম্বর ২০২৫:
প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

তিনি বলেন,
“গত বছর আগস্ট মাসে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিবলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর থেকে আমাদের ওপর তিনটি গুরুদায়িত্ব অর্পিত ছিল— হত্যাকাণ্ডের বিচার, জবাবদিহিমূলক গণতন্ত্রে উত্তরণের জন্য সংস্কার, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।”

প্রধান উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজ দ্রুত অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিগগিরই প্রথম রায় ঘোষণা করবে। পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে।

তিনি বলেন, “সংস্কারের ক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। বিচার বিভাগ, আর্থিক খাত, প্রশাসন, ডিজিটাল সেবা ও দুর্নীতি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে, যা ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “নির্বাচন ও গণভোট একইদিনে হলে এটি হবে উৎসবমুখর ও সাশ্রয়ী আয়োজন।”

গণভোটে জনগণের সামনে চারটি মূল প্রস্তাব উপস্থাপন করা হবে—
১. তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন জুলাই সনদের প্রক্রিয়ায় গঠন,
২. দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন,
৩. নারী প্রতিনিধিত্ব, বিরোধী দলের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে ৩০ দফা সংস্কার বাস্তবায়ন,
৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলের বাধ্যবাধকতা।

তিনি বলেন, “গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।”

অর্থনীতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছি। রপ্তানি, রিজার্ভ ও বৈদেশিক বিনিয়োগের সূচকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
তিনি উল্লেখ করেন, “আগামী সপ্তাহে মায়ার্স্ক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যা ইউরোপের সর্ববৃহৎ একক বিনিয়োগ হবে।”

তিনি বলেন,
“ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত জনগণ আজ আবারও ভোট দিতে উন্মুখ। আমাদের এই ঐক্য ও আত্মত্যাগের ফসল যেন আমরা ভিন্নমত ও বিভেদে নষ্ট না করি।”

ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন,
“আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *