নিজস্ব প্রতিবেদক:- আজ ৭ই নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির উদ্যোগ নেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক জিয়াউর রহমান সেবন। তাঁর নেতৃত্বে মোট সাতটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন সবুজ ছায়ার সভাপতি, সৈয়দ নেসার উদ্দিন মৌসুম, বুলবুল, মোঃ উজ্জল মিয়া, রাজনসহ স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আজকের মূল লক্ষ্য।
জিয়াউর রহমান সেবন বলেন, “জিয়া ছিলেন জনগণের নেতা, তাঁর আদর্শ ও দেশের প্রতি ভালোবাসা আমাদের চেতনায় ধারণ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একদিকে পরিবেশ রক্ষা করছি, অন্যদিকে দেশের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ ঘটাচ্ছি।”
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং প্রতিবছর এই দিনটিতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।