নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এ সময়ে ৪ (চার) জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধও প্রত্যাহার করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস (৭৬০/৭৫৯) এবং মধুমতি এক্সপ্রেস (৭৫৬/৭৫৫)-এর অফ-ডে কার্যকর থাকবে না। ওই দিনগুলোতে ট্রেন দুটি যথারীতি চলবে এবং যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে পরবর্তী সপ্তাহ থেকে আগের মতো নিয়মিত অফ-ডে কার্যকর হবে।
এবারের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিন (১, ২, ৩ ও ৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বাড়তি যাত্রী চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
অন্যদিকে, পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম রুটে অতিরিক্ত চার জোড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
যাত্রী হয়রানি রোধে ও বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমলাপুর এবং বিমানবন্দর রেলস্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয় একটি ভিজিলেন্স টিম গঠন করেছে।
যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত সচিব মো. রূপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, জিআরপি পুলিশ ও আরএনবি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।