স্টাফ রিপোর্টার : ১৬ সেপ্টেম্বর
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান করছে সোনালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা জেলার মোট ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ, পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোফাজ্জল হোসেন এবং তারিকুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্যে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান বলেন,
“ঢাকার বাইরে জেলা পর্যায়ে ব্যাংকের প্রিন্সিপাল অফিসগুলোতে পর্যায়ক্রমে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। ভবিষ্যতে বৃহৎ আয়োজনে সব শিক্ষার্থীকে একত্রিত করে বৃত্তি প্রদান করার পরিকল্পনা রয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“সঠিক শিক্ষালাভ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতির সেবায় প্রস্তুত হতে হবে।”
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।