চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
চীন সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

গত ২২ আগস্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি PLA স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই-এর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতার বিষয় উঠে আসে।

২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট চেন দেফাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত NORINCO-এর বিভিন্ন সামরিক সরঞ্জামের আপগ্রেডেশন, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি PLA’র Academy of Armoured Forces এর বেইজিং ক্যাম্পাস ও বিভিন্ন গবেষণাগারও পরিদর্শন করেন, যেখানে বাংলাদেশি সেনা কর্মকর্তারা আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান NORINCO গ্রুপের বেইজিং ও শিয়াং কারখানা, China Aerospace Long-March International Co. Ltd এবং Aisheng UAV Factory পরিদর্শন করেন। এসব স্থাপনায় আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি উৎপাদনের অগ্রগতি তিনি প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *