কুড়িগ্রাম প্রতিনিধি
“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৫।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর প্রদক্ষিণ করে। পরে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু, এবং কুড়িগ্রাম সদর ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন চন্দ্র বর্মন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিম একটি সহজলভ্য ও পুষ্টিকর খাদ্য, যা শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত ডিম খেলে পুষ্টিহীনতা দূর হয় এবং সুস্থ জীবনযাপন সম্ভব হয়।
অনুষ্ঠানে শতাধিক পোল্ট্রি খামারী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বক্তারা পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে সরকারি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।