কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সাফল্য কামনা করে ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. ফায়জুল হক।

জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. মোজাম্মেল হক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক রিয়াদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম এবং ইউনিসেফ রংপুর ফিল্ড অফিসের নিউট্রিশন অফিসার শহীদুল হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী। এতে বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সভায় জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ পানি পান করা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই ক্যাম্পেইন যেন তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে। স্কাউট ও গার্লস গাইড সদস্যরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *