নূরের ওপর হামলার নিন্দা, নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিল অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৩০ আগস্ট ২০২৫:
গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সরকার এক বিবৃতিতে জানায়, এই হামলা কেবল জনাব নূরের ওপরই নয়, বরং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য চলমান গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত।

অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছে, এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্বসহকারে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কেউই জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সাথে এর বিচার কার্যকর করা হবে বলেও জানানো হয়।

তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর ও তাঁর দলের আহত সদস্যদের চিকিৎসা তদারকিতে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরকার তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর অঙ্গীকার করেছে।

বিবৃতিতে বলা হয়, “এই সংকটময় সময়ে নুরুল হক নূর, তাঁর সহকর্মী এবং তাঁদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা ও সংহতি রয়েছে।”

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জুলাই অভ্যুত্থান চলাকালে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছিলেন নূর। তাঁর ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক হিসেবে চিহ্নিত করে সরকার জানায়, নূরের সাহস ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল অম্লান থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকার একইসঙ্গে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। তারা জানায়, “আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে সফল উত্তরণের জন্য সবার ঐক্য অপরিহার্য।”

সরকার পুনর্ব্যক্ত করেছে, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। “জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না”—বিবৃতিতে উল্লেখ করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *