নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৮ আগস্ট ২০২৫:
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে ৮৫ মিলিয়ন ডলারের।
আজ (বুধবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিদেশি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে সর্বাধিক অর্থাৎ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার এসেছে চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরাও উল্লেখযোগ্য প্রস্তাব দিয়েছে।
বিডার প্রতিনিধি সভায় জানান, জমা পড়া প্রস্তাবগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত অনুমোদনে রূপান্তরের হার দাঁড়িয়েছে প্রায় ১৮ শতাংশ, যা বৈশ্বিক গড় (১৫–২০ শতাংশ)-এর সমান।
কন্টেইনার জট ও নিলাম কার্যক্রম
সভায় চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা কন্টেইনার জট কমানোর বিষয়েও আলোচনা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত দুই মাসে এক হাজার কন্টেইনার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজার কন্টেইনার বন্দরে পড়ে আছে। আগামী মাসে আরও ৫০০ কন্টেইনার নিলামে তোলার প্রস্তুতি চলছে। বিশেষ দূত নিলাম কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন।
বাংলাদেশ বিজনেস পোর্টাল চালু প্রক্রিয়া
সভায় বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালু করার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সেবা একীভূত করতে এই অনলাইন প্ল্যাটফর্মের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সফট লঞ্চ এবং মাসের শেষ নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।