টাঙ্গাইলে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগপানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপিনূর নবী (রবিন), প্রতিনিধি, টাঙ্গাইল:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।কালভার্টের মুখ অবমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা এবং ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা। পরে তারা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।রোববার (৩০ আগস্ট) কালিহাতী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দড়িখশিল্লা সড়কের আশপাশের সাত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়।স্থানীয়দের অভিযোগ, রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে থাকা কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। বর্ষা মৌসুমে পানি জমে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্টের মুখ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। দ্রুত কালভার্টের মুখ অবমুক্ত করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ফসলি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।এ সময় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।স্মারকলিপি গ্রহণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।