জলবায়ু সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন

কুড়িগ্রাম প্রতিনিধি

জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মেয়েদের হাড়ি ভাঙা খেলা এবং ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশের হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাধুলার আয়োজন করা হয়।

এনজিও সংস্থা সলিডারিটির উদ্যোগে স্প্রিরিট প্রকল্পের আওতায় সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মেয়েদের ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়। পরে ছেলেদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

খেলা শেষে হাড়ি ভাঙা খেলায় বিজয়ী দল এবং ফুটবল ম্যাচের বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দাশের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার, স্প্রিরিট প্রকল্পের সমন্বয়কারী এবং কুড়িগ্রাম সদর উপজেলা ফিল্ড অফিসার মোছা. মাহফুজা আক্তার বানুসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করা সম্ভব হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *