নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার দুপুরে র্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, অভিযানে মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি টাঙ্গি। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এসব অস্ত্র বিধি অনুযায়ী জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়ে থাকতে পারে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।