রাজশাহী সীমান্ত দিয়ে অস্ত্রের চালান জব্দ

বিশেষ প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে অস্ত্রের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনা হচ্ছিল।

বিজিবির রাজশাহী–১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী একটি মোটরসাইকেলসহ অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নদীপথে সীমান্ত দিয়ে অস্ত্রের একটি চালান প্রবেশের সম্ভাবনার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাওথা বিওপির সদস্যরা সমন্বিতভাবে অ্যাম্বুশ করে অবস্থান নেন। দীর্ঘ সময় নজরদারির পর ভোরের দিকে বাঘা থানার রাওথা–পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে সন্দেহজনক চলাচল লক্ষ্য করা হয়। বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির রাজশাহী–১ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প, ২৮টি প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে–৯ ইউনিট, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও একটি ফাস্ট পেট্রোল ক্রাফট মোতায়েন করা হয়েছে।

এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *