স্টাফ রিপোর্টার, পুঠিয়া
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর কাছ থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মো. দুলাল মিয়া (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধারকৃত গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।