নিজস্ব প্রতিবেদক, খুলনা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভাস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, জনসভার শৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মোতায়েন থাকছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে কাজ করবে র্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। মহানগরীতে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থা সচল রাখা হয়েছে। তবে জনসভায় বিপুল জনসমাগমের কারণে সাধারণ মানুষকে সভাস্থলের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।