শুধু ২৭ নয়, ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে: ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি: আধুনিক সাংবাদিকতার অগ্রপথিক দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। শুধু ২৭ বছর নয়, এই পত্রিকার পেশাদারিত্ব ও সক্ষমতা একে ১২৭ বছর বা তার চেয়েও বেশি সময় সুনামের সঙ্গে টিকিয়ে রাখবে।

বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যখন অনেক নামি-দামি পত্রিকা দালালি ও আপসকামিতায় লিপ্ত ছিল, তখন যুগান্তর ছিল ব্যতিক্রম। তারা নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল।”

যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা আহ্বায়ক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জোবায়ের হাবিব। যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী।

আলোচনায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শাহ জালাল হোসাইন জিহাদী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. সাইদুর রহমান কবিরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্বজন সমাবেশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *