কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন সোমবার ও মঙ্গলবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হলরুমে সম্পন্ন হয়।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।
এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ মঈনুল হাসান, কুড়িগ্রাম সরকারি কলেজের প্রভাষক কৃষ্ণ রায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রাক্তন সভাপতি মাসুম রেজা প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাইমারি ও উচ্চ বিদ্যালয় বিভাগে বিজয়ী শিক্ষার্থীরা এবং রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।