কুড়িগ্রাম প্রতিনিধি | ২০ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শাহ আলম নামে এক জামায়াত কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট পাঠিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। একটি সাদা কাগজে লাল রঙের পুতুলের ছবির মাঝে ইংরেজিতে ‘I kill you’ লেখা ওই চিরকুটটি তার বাসার বেলকনিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় ওই জামায়াত কর্মী ও তার পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী শাহ আলম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার বিবরণ: ভুক্তভোগী মোঃ শাহ আলম পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে তিনি ভুরুঙ্গামারী সরকারি কলেজ রোডে একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করছেন।
শাহ আলম জানান, শুক্রবার বিকেলে তিনি বন্ধুদের সাথে কুড়িগ্রাম ইজতেমায় যাচ্ছিলেন। পথিমধ্যে নাগেশ্বরী পৌঁছালে তার স্ত্রী মমতাজ বেগম ফোনে জানান যে, বাসার বেলকনিতে একটি হত্যার হুমকি সম্বলিত চিরকুট পাওয়া গেছে। সংবাদ পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন এবং রাতেই থানায় অভিযোগ জানান।
পুলিশের বক্তব্য: ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। চিরকুটটি কে বা কারা রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বর্তমানে শাহ আলম ও তার পরিবার যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় দিনাতিপাত করছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।