নিজস্ব প্রতিবেদক- ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫:
ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডির শংকরে অবস্থিত ছায়ানট ভবন পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হামলার ফলে ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেবে।
তিনি আরও বলেন, ছায়ানট কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে সংস্কার সংক্রান্ত বিষয়গুলো সরকারের কাছে উপস্থাপন করবে।
ভবনের নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ছায়ানট ভবনের বাইরে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হামলা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ। যারা প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা চালিয়েছে, তারা দেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুতে যখন শোক পালনের কথা, তখন একটি হঠকারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়েছে। এ ধরনের হামলা শুধু ফৌজদারি অপরাধ নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থী।