সুলতান মাহমুদ রেজা
বিশেষ প্রতিনিধি
মাদক, সন্ত্রাস ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকাজুড়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৬ জন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী, ১ জন সিআর সাজাপ্রাপ্ত আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একটি নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে পুলিশ ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ জব্দ করে।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”