যশোরে চরমপন্থী নেতা নাসির গোফরান সহযোগীসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা আলোচিত চরমপন্থী নাসির শেখ গোফরান অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। যশোরের অভয়নগরসহ আশপাশের জেলাগুলোতে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠা এই গোফরানকে তার সহযোগী সোহেল রানাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোফরান ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে যশোর, খুলনা ও নড়াইল জেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজত্ব চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলায় সক্রিয় গ্রেফতারি পরোয়ানা ছিল। সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও অন্তত ৭টি মামলা রয়েছে।

সোমবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ মার্চ গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গোফরান বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নেয়।

এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে চক্রটি এবং তাদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু হয়। পরে ডিবি পুলিশের এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের আটক করে।

এ সময় নাসির শেখ গোফরানের কাছ থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল ও একটি ল্যাপটপ এবং সোহেল রানার কাছ থেকে একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *