যশোরের গোয়ালদাহ বাজারে অভিযান, ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২৮) এবং একই গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে মো. আমিনুর রহমান (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট–রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আক্কাস টেলিকমের পাশে পাকা সড়কে একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি Apache RTR 160 4V মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *