নাচোলে সরকারি পশুখাদ্য ও ওষুধ পাচারের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সরকারি পশুখাদ্য ও ওষুধ পাচারের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরকারি মালামাল ট্রলিতে করে পাচারের সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ট্রলিযোগে সরকারি পশুখাদ্য ও ওষুধ বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ট্রলিটি ঘিরে ধরে এবং সংশ্লিষ্টদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কর্মকর্তাসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ট্রলিভর্তি মালামাল জব্দ করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, সরকারি সম্পদ পাচারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবীর উদ্দীন আহমেদ জানিয়েছেন, ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সরকারি বরাদ্দকৃত পশুখাদ্য ও ওষুধ খামারিদের মাঝে বিতরণ না করে রাতে পাচারের ঘটনায় স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *