কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত এমপি প্রার্থী ও জেলা আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খাঁন (ডা. নজরুল) বলেছেন,
“এই আসনে হাজার হাজার শিক্ষিত বেকার তরুণ ও যুবক রয়েছে। আমি নির্বাচিত হলে তাদেরকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম মানবসম্পদে পরিণত করবো। যাতে তারা দেশে-বিদেশে দক্ষতার মাধ্যমে আয় করে পরিবার ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।”
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ার পাড় শহীদ বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,
“ভোট একটি পবিত্র অধিকার। একজন সৎ মানুষ এমপি হলে এলাকার উন্নয়ন হবে। কিন্তু টাকা দিয়ে ভোট কিনে অসৎ লোক নির্বাচিত হলে চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায়ই প্রতিষ্ঠিত হবে। তাই এলাকার ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিন।”
ডা. নজরুল সীমান্ত হত্যা রোধ, চোরাচালান প্রতিরোধ, মাদকমুক্ত এলাকা গঠন এবং ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী হক, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, ফুলবাড়ী উপজেলা সদস্য সচিব লুৎফর রহমান, কাশিপুর ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সমন্বয়ক আইয়ুব আলী, আনারুল ইসলাম, দুলাল হোসেন, বাবুল ইসলাম, ইসরাইল মিস্ত্রি, উপদেষ্টা আব্দুস সামাদ প্রমুখ।