নিজস্ব প্রতিবেদক:- রাজশাহী, ১ নভেম্বর ২০২৫ (শনিবার):
জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান বলেছেন, বিএনপি নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার গঠন করতে চায়। দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে—তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন ফিরে পেতে চায়।
শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের গহমাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রায়হান বলেন, “দেশের মানুষের ওপর অযথা নির্বাচনী চাপ ও বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আলাদা কোনো নির্বাচন জনগণ মানবে না। আলাদাভাবে গণভোট আয়োজনের প্রস্তাব অপ্রয়োজনীয় এবং এটি নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি অপচেষ্টা মাত্র।”
তিনি আরও বলেন, “যদি গণভোট করতেই হয়, তবে তা জাতীয় সংসদ নির্বাচনের দিনই হওয়া উচিত। সেদিন দুটি ব্যালট থাকবে—একটি ভোটের জন্য, অন্যটি জনগণের মতামত প্রকাশের জন্য। জনগণের ভোটেই পরিবর্তন আসবে।”