ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম শনিবার (১১ অক্টোবর) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কলেজের সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কলেজের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন,
“উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”
তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কাওছার হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা খন্দকার অহিদুল ইসলাম বাদল, এবং আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।
এছাড়াও কলেজের গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলাম রিমন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপকূলীয় এলাকার এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।