মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্রের মুখে জিম্মি করে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ; সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি ৭ নভেম্বর ও জিয়াউর রহমানের শিক্ষা দর্শন: একটি জাতি গড়ার স্বপ্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর রেকর্ড ৪১১ রানের ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা আবারও ঢাকায় আসছে ‘জাল’ রুক্মিণী না ইধিকা, ‘প্রিন্স’ শাকিবের ‘প্রিন্সেস’ কে? জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি

অস্ত্রের মুখে জিম্মি করে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ; সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও চকবাজার এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক সোহেল আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। একই চক্রের বিরুদ্ধে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক নির্যাতন, জোরপূর্বক ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত যোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজেশ গনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করে আসছেন তিনি। এসব কর্মকাণ্ডের তথ্য প্রকাশের জেরে তাকে পরিকল্পিতভাবে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে বলে তার অভিযোগ।

*সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ*

রাজেশ গনির অভিযোগ, হাজারীবাগ, লালবাগ ও চকবাজার এলাকায় কথিত সাংবাদিক সোহেল আহমেদ বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠান, কারখানা, স্ট্যান্ড ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি দাবি করেন, কোথাও কোথাও সাপ্তাহিক দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসিয়ে দেওয়া কিংবা মামলায় জড়ানোর ভয় দেখানো হতো।

তার অভিযোগ, এ কর্মকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের হাজারীবাগ থানা শাখার সাংগঠনিক সম্পাদক রাইজুল ইসলাম রবিন ওরফে টোকাই রবিনসহ একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।

*অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি ও নির্যাতনের অভিযোগ*

লিখিত বক্তব্যে রাজেশ গনি বলেন, সোহেল আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের পর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকি পেতে থাকেন। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে একটি ঘটনার কথা বলে তাকে হাজারীবাগে ডেকে নেওয়া হয়।

তার অভিযোগ, সেখানে চার-পাঁচটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে তাকে ঘিরে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। পরে সেখানে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে বিবস্ত্র ও নাজেহাল অবস্থায় তার ভিডিও ধারণ করা হয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাদের শেখানো বক্তব্য দিতে বাধ্য করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে এ ঘটনা নিয়ে আইনি পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকারমূলক বক্তব্য ধারণ করে তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্ত হওয়ার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভিডিও ধারণের বিষয়টিও থানার ওসিকে অবহিত করেছিলেন বলে জানান তিনি।

রাজেশের দাবি, ঘটনার প্রায় এক মাস পর ধারণ করা ভিডিওর কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তাকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

*বাংলাভিশনের প্রতিবেদন নিয়ে আপত্তি*

গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে হাজারীবাগের মাদক ব্যবসা নিয়ে প্রতিবেদক ফজলে রাব্বির একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন রাজেশ গনি।

তার দাবি, প্রতিবেদন প্রচারের আগে তার বক্তব্য নেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। প্রতিবেদনে প্রদর্শিত মাদক ব্যবসায়ী সোহেলের সঙ্গে তার কথোপকথনের কল রেকর্ডটি ছিল তৎকালীন সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানের সময়কার।

রাজেশের ভাষ্য, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় ওই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অর্থসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট মামলায় নিজেকে প্রধান সাক্ষী বলেও উল্লেখ করেন রাজেশ।

তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তিকে গ্রেপ্তারে তিনি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেছেন, তার সঙ্গে কথোপকথন দেখিয়ে তাকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা কতটা যৌক্তিক?

প্রতিবেদনে প্রদর্শিত অর্থ লেনদেনের ভিডিওটিও খণ্ডিত ও প্রেক্ষাপটবিহীনভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাংলাভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনটির নিরপেক্ষ তদন্ত, প্রতিবেদক ফজলে রাব্বির ভূমিকা যাচাই, তার বক্তব্য প্রচার এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ প্রতিবাদ ও সংশোধনী সংবাদ প্রকাশের দাবি জানান রাজেশ গনি।

*অভিযুক্ত সহযোগীদের নাম প্রকাশ*

সংবাদ সম্মেলনে রাজেশ গনি তার অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট চক্রের সঙ্গে কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরেন।

তাদের মধ্যে আমির ওরফে দাড়িওয়ালা আমির বা ভুয়া পুলিশ আমিরের নাম উল্লেখ করেন তিনি। তার দাবি, ওই ব্যক্তি পুলিশ পরিচয় ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের সাজাসংক্রান্ত নথিও রয়েছে।

এ ছাড়া রাইজুল ইসলাম রবিন ওরফে টোকাই রবিনের নাম উল্লেখ করে রাজেশ বলেন, তিনি হাজারীবাগ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট তার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার নম্বর আসামি রবিন। সোহেল আহমেদের সঙ্গে রবিনের ঘনিষ্ঠতা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, অপহরণের ঘটনার সঙ্গেও রবিনের সম্পৃক্ততা রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন রাজেশ।

*সাইবার হয়রানি ও এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ*

রাজেশ গনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ও চেহারা বিকৃতভাবে উপস্থাপনসহ বিভিন্নভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় সোহেল আহমেদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

*প্রশাসনের কাছে ছয় দফা দাবি*

সংবাদ সম্মেলনে রাজেশ গনি তার অপহরণ, নির্যাতন, জোরপূর্বক ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি সোহেল আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, হুমকি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ ছাড়া হাজারীবাগ থানায় অভিযোগ গ্রহণ ও তদন্তে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা, এআই ব্যবহার করে ছবি বিকৃতির সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাভিশনের প্রতিবেদনটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিবাদ ও সংশোধনী সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তার কাছে থাকা ভিডিও ফুটেজ, কল রেকর্ড, চিকিৎসাপত্র, জিডি, মামলা ও অন্যান্য প্রমাণাদি গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে রাজেশ গনি বলেন, তিনি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ চান না; বরং প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা চান। ভবিষ্যতে তার কিংবা পরিবারের কোনো সদস্যের ক্ষতি হলে আজকের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করারও আহ্বান জানান তিনি।

তিনি সাংবাদিক সমাজ, গণমাধ্যমের মালিকপক্ষ এবং প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে যেন কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হতে না হয়। সাংবাদিকের নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা