কসবা–আখাউড়ায় ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। সোমবার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা, বিষ্ণুপুর ও মাইজখারসহ বিভিন্ন গ্রামে তিনি এই মতবিনিময় করেন।

গণসংযোগকালে কবীর আহমেদ ভূঁইয়া সাধারণ মানুষ ও কৃষকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই কর্মসূচি সামাজিক নিরাপত্তা ও কৃষি পুনর্গঠনের একটি বাস্তব রূপরেখা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার পাবেন। অন্যদিকে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণের ভর্তুকি, ফসলের ন্যায্যমূল্য এবং সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমাতে এই দুটি কার্ড কার্যকর ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

গণসংযোগকালে রানীয়ারা ও বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এবং কৃষকরা বিএনপির এই কর্মসূচিকে স্বাগত জানান। স্থানীয়দের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারভিত্তিক নিরাপত্তা ও কৃষি সহায়তা তাদের জন্য বিশেষ উপকারে আসবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *