নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫:
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “বিসিএস পরীক্ষা হলো সরকারের ‘এন্ট্রি পয়েন্ট’। এখানে কোনো অনিয়ম হলে গোটা সিস্টেম প্রভাবিত হবে।”
আজ রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পিএসসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। তিনি আরও বলেন, “যত সমস্যাই থাকুক দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে। ভবিষ্যতে যারা সরকার চালাবে, তাদের জন্য স্বচ্ছ ও নির্ভরযোগ্য নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে। প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে বিসিএস পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপ, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের কারণে বিসিএস পরীক্ষা বিতর্কিত হয়েছিল। তবে এখন এমন সংস্কার আনা হয়েছে যাতে আর কোনো অনিয়মের সুযোগ না থাকে। পরীক্ষার মানও উন্নত করা হচ্ছে, যাতে চাকরিপ্রত্যাশীরা বৈশ্বিক প্রতিযোগিতায়ও প্রস্তুতি কাজে লাগাতে পারেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসির সদস্যবৃন্দ ও সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।