দেড় কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত হয়ে মঠবাড়িয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি


পিরোজপুরের মঠবাড়িয়ায় দেড় কোটি টাকার ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন নান্না ফরাজী (৫৫) নামের এক সুপারি ব্যবসায়ী। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকালে নান্না ফরাজী কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্না ফরাজীর বড় ভাই তোফায়েল ফরাজী জানান, ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন এনজিও ও স্থানীয়দের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন নান্না ফরাজী। তবে ঋণ শোধ করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।

মৃত্যুর আগে নান্না ফরাজী একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন— “আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য পরিবারের কোনো সদস্য দায়ী নয়। আমি অনেক দেনায় জর্জরিত। সেই দেনা পরিশোধের কোনো পথ নেই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। ভাই-বান্ধবরা যদি পারেন, আমাকে মাফ করে দেবেন।”

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল হালিম বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *