নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে ইবাদত-বন্দেগির সুবিধার্থে মসজিদ নির্মাণের জন্য ১২ শতাংশ জমি ওয়াকফ করে দিয়ে প্রশংসায় ভাসছেন মালঞ্চ বেগম নামে এক নারী। তিনি চরলক্ষ্মীপুর উত্তর পাড় এলাকার মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের স্ত্রী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির দলিল হস্তান্তর করেন তিনি। দলিল হস্তান্তরের পরপরই ওই জমিতে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
মালঞ্চ বেগমের একমাত্র পুত্র মো. সাগর মাতুব্বর (মিন্টু) ব্যক্তিগত উদ্যোগে ইট, বালু, রড ও সিমেন্টসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এনে এলাকাবাসীকে সাথে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাগর মাতুব্বর জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে তার মা এই জমি দান করেছেন। ভবিষ্যতে এই মসজিদের পাশেই একটি মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গৃহিণী মালঞ্চ বেগমের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, একজন সাধারণ গৃহিণী হয়েও ধর্মীয় কাজে তার এই ত্যাগ ও পরোপকারী মনোভাব সমাজের অন্যদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।