ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রস্তুত থাকুন: নতুন এসপিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২৫ঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে “ঐতিহাসিক দায়িত্ব” উল্লেখ করে একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জুলাই মাসের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ভিত্তিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি নিরপেক্ষ, আদর্শ ও আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে হবে।”

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, নির্বাচন সেই স্বপ্ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ। পাশাপাশি চলমান সাধারণ নির্বাচনের সময় গণভোটও অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “গণভোট থেকে পাওয়া নতুন ভিত্তি এই জাতিকে আগামী শতবর্ষ এগিয়ে নিয়ে যাবে।”

সভায় প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় বিদেশ থেকে বহু প্রতিনিধি দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবেন। তাদের সামনে বাংলাদেশকে একটি সফল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যার বড় দায়িত্ব পুলিশ সুপারদের ওপর বর্তায়।

অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রহসন, প্রতারণা আর তামাশার নির্বাচন থেকে বের হয়ে আমাদের নতুন মানদণ্ড তৈরি করতে হবে। সেই পরিবর্তন আনার দায়িত্ব আপনাদের।”

দায়িত্ব পালনে সৃজনশীলতা ও উদ্যোগী ভূমিকার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “সব নির্দেশনা কাগজে লেখা থাকে না। দায়িত্ব পালনকালে কিভাবে কাজটি আরও সুন্দর ও কার্যকর করা যায়—সেটা চিন্তা করা প্রয়োজন।”

পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে বিভাগীয় বা জেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন এবং যোগ্যদের পুরস্কৃত করার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *