মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার দুপুর দেড়টা থেকে হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে এলাকাবাসী মানববন্ধন শুরু করেন। পরে তা সড়ক অবরোধে রূপ নেয়। এতে দিনাজপুর-বগুড়া মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, গত ৩১ মার্চ মেহের আলীকে তার সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া স্ত্রী ও তার ছেলে নিয়ে যান। পরে জানা যায়, তাকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তীতে অপহরণের অভিযোগ দায়ের করেন। তবে দীর্ঘ ১১ দিন পার হলেও তাকে উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা।
এলাকাবাসীর আশঙ্কা, সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তারা জানান, দ্রুত মেহের আলীকে উদ্ধার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।