নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ এলাকায় এক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ লালবাগ শাখার একটি দল এলাকায় অভিযান চালায়। প্রাথমিকভাবে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে কিছু মাদক উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের একটি বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে ওই বাসা থেকে আরও মাদক উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে লালবাগের কেল্লা মোড় এলাকায় সরবরাহ ও বিক্রি করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রাব্বি নামের একজনসহ আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব আরও জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।