মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের অঙ্গীকার
মোঃ ফারুক হোসেন :
রাজধানীর তেজগাঁও এলাকার, তেজকুনি পাড়া, খেলাঘর মাঠ সংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে আয়োজিত এ কর্মসূচি জনকল্যাণমুখী রাজনীতির বাস্তব প্রতিফলন হিসেবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের চলমান অর্থনৈতিক বৈষম্য ও দুর্বিষহ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং এটি একটি আদর্শিক সংগ্রামের অংশ। একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে, আর সেই লক্ষ্যেই আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নোমান আহমদী, তেজগাঁও থানা দক্ষিণের আমির, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী। তিনি বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতার কারণে আজ মানুষ কষ্টে আছে। এ অবস্থায় সমাজের সচেতন নাগরিক ও ইসলামি আদর্শে বিশ্বাসী সংগঠন হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করি। ভবিষ্যতেও এ ধরনের গণমুখী কার্যক্রম আরও জোরদার করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের অর্থ সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজি তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।