ঈদের চাঁদ রাতে প্রকাশ পাচ্ছে রোজিনা আক্তারের নতুন গান ‘প্রবাস নামের জেলখানা’

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ পেতে যাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী রোজিনা আক্তারের নতুন মৌলিক গান “প্রবাস নামের জেলখানা”

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী রোজিনা আক্তার। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং মাতা জাহানারা বেগম। ছোটবেলা থেকেই পিতা-মাতার অনুপ্রেরণায় সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি হয় তার। পরবর্তীতে গফরগাঁও শিল্পকলা একাডেমি এবং পরে গাজীপুর শিল্পকলা একাডেমিতে সঙ্গীতের তালিম গ্রহণ করেন।

তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। লোকসঙ্গীতের পাশাপাশি আঞ্চলিক গানেও তার বিশেষ দক্ষতা রয়েছে। বিভিন্ন মঞ্চে সঙ্গীত পরিবেশন করে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছেন।

নতুন গান প্রসঙ্গে রোজিনা আক্তার বলেন, “গানটির কথা ও সুর আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের মাধুরী দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, এবারের ঈদে শ্রোতারা একটি ভালো গান উপহার পেতে যাচ্ছেন।”

গানটির গীতিকার তকবির হোসাইন জানান, প্রবাসীদের প্রতি তার আলাদা আবেগ রয়েছে। তাদের জীবনসংগ্রাম ও মনের কষ্ট তিনি গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছেন।

গানটির সুরকার ও মিউজিক ডিরেক্টর আল আমিন খান বলেন, “রোজিনা আক্তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন। সময়োপযোগী একটি কাজ হয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।”

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আনান খান ও মিষ্টি বিশ্বাস। তারা দুজনই আশাবাদ ব্যক্ত করে বলেন, গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভালো লাগবে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এস আই শফিক ও হাবিবুর রহমান। তারা জানান, প্রবাসীদের জীবনের আবেগ ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গানে, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।

উল্লেখ্য, রোজিনা আক্তারের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘দুষ্টু ছেলে’, ‘বন্ধু তোরে ভালো লাগে’, ‘মিসকিন বাবা জিন্দাবাদ’, ‘বাউলরে তোর একতারাটা’, ‘দুঃখী মায়ের গল্প’, ‘গার্মেন্টস কন্যা’, ‘বেইমান প্রেমিক’, ‘অন্তরে বাজেরে’, ‘মজাইয়া মজাইয়া’, ‘তোকে শুধু চাই’, ‘জমিদারের নাতি’সহ অসংখ্য গান।

শেষে শিল্পী রোজিনা আক্তার দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইবোনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *