মো. ইসমত দোহা, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী এলাকায় প্রবাসীর বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি বড় অংশ—প্রায় ২৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন সরাসরি ডাকাতিতে অংশ নেয় এবং বাকি তিনজন স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। লুণ্ঠিত মালামালের বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। পরে রোববার রাতে জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে মো. খোরশেদ আলম (৪০) কে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি ১০ আনা স্বর্ণসহ এবং মোহনকে নগদ ৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ কেনার অভিযোগে আরও তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাদের দোকান থেকে ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।