যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

যশোর-এ ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। একই সঙ্গে তিনি এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত ও ধ্বংসে অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় যশোর কালেক্টরেট চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

যশোর পৌরসভা-এর আয়োজনে কালেক্টরেট চত্বরে ফগার মেশিন চালিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এই পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে জনগণকে রক্ষা করতে শনিবার সারাদেশে বড় পরিসরে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। জমে থাকা পানিতে এডিস মশা জন্মায় এবং তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে। তাই ড্রেন, ডোবা ও নর্দমাসহ যেসব স্থানে পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়।

তিনি আরও বলেন, খুব দ্রুতই এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান শুরু হবে। কোনো প্রতিষ্ঠান বা বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রফিকুল হাসান, প্রশাসক যশোর পৌরসভা ও উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ; সিভিল সার্জন ডা. মাসুদ রানা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার; যশোর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জায়েদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে বিডি ক্লিন যশোর এবং বাংলাদেশ স্কাউটস-এর সদস্যরা সহযোগিতা করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *