যশোরে ২৫ কেজি মাদক তৈরির কাঁচামালসহ তরুণী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরে বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত এসব রাসায়নিক দিয়ে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমার দে-এর নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহন-এর কাউন্টারের সামনে অবস্থান নেয়। পরে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেওয়া তথ্যে বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তায় মোড়ানো মাদক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তা থেকে ১০টি প্যাকেটে মোট ২৫ কেজি এফিড্রিন এবং তিনটি বোতলে থাকা ৬ লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড জব্দ করা হয়েছে। এসব রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

গ্রেফতার শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ভারত থেকে এসব কাঁচামাল এনে তাকে দেন। এগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) গ্রেফতার তরুণীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *