নলছিটিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬টি দোকান ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষতি

মোঃ নাঈম মল্লিক | ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান এবং বাকি পাঁচটি টি-স্টল ছিল।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে রাজিব স্টোরে আগুন দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, আসন্ন রমজান উপলক্ষে দোকানে বিপুল পরিমাণ মালামাল মজুদ ছিল। কিন্তু আগুনে সব পুড়ে গেছে। কীভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। সবকিছু হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস–এর স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, রাত ১টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *