কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোবাইল ফোন, গরু এবং ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের বিবরণ: বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে পাচার হয়ে আসা দামী মোবাইল ফোন, গরু এবং ভারতীয় মদ আটক করতে সক্ষম হন।
বিজিবির বক্তব্য: কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে আমাদের সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” দেশের সম্পদ রক্ষা ও জননিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।