মো: ইসমত দোহা, লক্ষ্মীপুর
উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২৩২ ভোট পেয়ে সভাপতি পদে মো: মনিরুল ইসলাম হাওলাদার এবং ২১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মো: রফিক উল্যাহ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী এ.কে.এম হুমায়ুন কবির।
নির্বাচনে কোনো নির্ধারিত প্যানেল না থাকলেও দিনশেষে জয়ী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের আধিক্য দেখা গেছে। তবে জামায়াতে ইসলামী সমর্থিত কোনো প্রার্থী এবারের নির্বাচনে জয়লাভ করতে পারেননি।
নির্বাচিত অন্যান্যরা হলেন:
- সহ-সভাপতি: আবদুল মজিদ (২১৬ ভোট) ও মো: আবুল খায়ের ভূঁইয়া (১৯৮ ভোট)।
- সহ-সাধারণ সম্পাদক: ফকরুল ইসলাম জুয়েল (১৭৬ ভোট) ও চাঁদমনি মোহন (১৭৩ ভোট)।
- পাঠাগার সম্পাদক: মোহাম্মদ মোশারফ হোসাইন (২৯২ ভোট)।
- সাংস্কৃতিক সম্পাদক: জামাল উদ্দিন-১ (১৫৮ ভোট)।
- অডিটর: মো: রাফিকুল হাসান অপু (২৩১ ভোট)।
- সদস্য: মো: আজহার উদ্দিন রকি (২৫১ ভোট), মো: ইউসুফ মানিক (২১৬ ভোট), আবদুল্লাহ আল নোমান (২১৪ ভোট) এবং আবদুর রহিম মানিক (২১০ ভোট)।
১৫টি পদের বিপরীতে মোট ২৯ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে আইনজীবী সমিতির সদস্যরা অভিনন্দন জানান।