নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নিলতী গ্রামের মেয়ে ফাদিলাহ্ নাজলি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সে ঢাকা বোর্ডের অধীনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
এর আগেও ফাদিলাহ্ নাজলি মেধাবী হিসেবে নিজের স্বাক্ষর রেখেছে। সে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করেছিল।
নাজলির এই সাফল্যের পেছনে তাঁর পরিবারের অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা বড় ভূমিকা রেখেছে। তাঁর পিতা প্রকৌশলী মো: নাসির উদ্দিন খান বিসিএস (পূর্ত) ক্যাডারের একজন নির্বাহী প্রকৌশলী এবং মাতা ফারহানা আক্তার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। শুধু তাই নয়, তাঁর চাচা প্রকৌশলী মো: জাকির হোসেন খাঁনও বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাজলি জানায়, সে বড় হয়ে সেনাবাহিনীতে (আর্মি কোর) ডাক্তার হতে চায়। নিজের এলাকা পিরোজপুরসহ দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই তাঁর মূল লক্ষ্য। এই কৃতি শিক্ষার্থী তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।