কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: ইসমত দোহা, লক্ষ্মীপুর

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে লক্ষ্মীপুরের কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালে রাষ্ট্রভাষার দাবিতে সালাম, বরকত, রফিক ও জব্বারদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি। তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চাইলেও অকুতোভয় বাঙালি তা মেনে নেয়নি। মূলত এই ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। বক্তারা এ সময় শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য চর্চা করার আহ্বান জানান।

ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— কলেজ গভর্নিং বডির সদস্য মনির হোসেন, শিক্ষক শহীদুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহরাব হোসেন মিরাজ, সদস্য সচিব আজিম হোসেন (হারুন), ছাত্রশিবিরের সভাপতি ফাহিম এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *