নিজস্ব প্রতিবেদক | যশোর
যশোরের মনিরামপুরে বহুল আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার দেড় মাস পর রাজশাহী থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—অভয়নগর উপজেলার বারান্দি গ্রামের মোঃ মাহমুদ হাসান হৃদয় (২৮) ও মোঃ শামীম হুসাইন (৩১)।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজশাহী জেলার তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি বাড়ি থেকে আসামিদের আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং চাকু এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে মনিরামপুরের কপালিয়া বাজারে ঝুমা বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে ছিলেন রানা প্রতাপ। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা রানার গলা জবাই করে দ্রুত পালিয়ে যায়।
যেভাবে রহস্য উদঘাটন: হত্যাকাণ্ডের পর যশোর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি এবং থানা পুলিশের একটি বিশেষ টিম তদন্তে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। ডিবি যশোরের এসআই কামরুজ্জামান ও এএসআই লাবলুর নেতৃত্বে একটি টিম রাজশাহীতে অভিযান চালিয়ে আসামিদের ধরতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রানা প্রতাপকে হত্যার কথা স্বীকার করেছে। শুক্রবার বিকেলেই আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।