হবিগঞ্জ–১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন ড. রেজা কিবরিয়া

সুলতান মাহমুদ রেজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া উল্লেখযোগ্য ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ আসনে মোট ১৭৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪৫ দশমিক ৮৯ শতাংশ ভোটার। নির্বাচনকালীন সময়ে অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ–১ আসনে দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নানা প্রত্যাশা ছিল স্থানীয় জনগণের। নির্বাচনী প্রচারণায় এসব বিষয় গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন ড. রেজা কিবরিয়া। সংশ্লিষ্টদের মতে, উন্নয়নমুখী প্রতিশ্রুতি, রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ের সম্পৃক্ততাই ভোটারদের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই বিজয় জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। নতুন সংসদ সদস্য হিসেবে এলাকায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের দিকে নজর দেওয়ার প্রত্যাশা করছেন ভোটাররা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *