মো. ইসমত দোহা, স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর) প্রায় এক যুগ আগে নিখোঁজ হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর–নোয়াখালী সড়কের হাজিরপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নিখোঁজ ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার এবং তার সন্তান ইমন ওমরসহ দলীয় নেতারা।বক্তারা অভিযোগ করেন, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওমর ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরিবারের সদস্যরা বলেন, ওমর ফারুক জীবিত থাকলে তাকে ফিরিয়ে দেওয়া হোক। কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা যেন পারিবারিক ও প্রশাসনিক কাজে কোনো বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহীদ, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি নিজাম হোসেন, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার, আয়কর আইনজীবী অ্যাডভোকেট কাজী নিজাম, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা নূরে আরেফিন আবির, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান টিংকু, সদস্য জিসান সরোয়ার, মিজানুর রহমান শিমুল, আমজাদ ভূঁইয়া ও আবদুল্লাহ আল মামুনসহ অনেকে।